বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৫:২১ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:৪৫
বাংলাদেশকে সরকার আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশকে দক্ষিণ এশিয়ার একটি অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্র বা অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত মহাপরিকল্পনা (সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান) প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, এরই মধ্যে দেশের বন্ধ বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বিশেষজ্ঞ মোহাম্মদ এল আমিরি। অনুষ্ঠানে পরিকল্পনা প্রণয়নের পদ্ধতি, কৌশলগত গুরুত্ব এবং বাংলাদেশের জন্য একটি কার্যকর জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়নের সম্ভাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশকে আঞ্চলিক হাব করার লক্ষ্যে দেশব্যাপী আকাশপথ সংযোগ সম্প্রসারণ, ঢাকাসহ প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসমূহকে আধুনিক লজিস্টিক ও যাত্রী পরিবহন কেন্দ্রে উন্নীতকরণ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি এয়ারলাইন্সগুলোর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিমান চলাচল খাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নে সরকারের এ দীর্ঘমেয়াদি ভিশন প্রতিফলিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
- বিষয় :
- বাংলাদেশ
- বিমানমন্ত্রী
