রঞ্জন কর্মকার আর নেই
রঞ্জন কর্মকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০২:২৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ০২:৩০
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার পরলোকগমন করেছেন। গতকাল বুধবার সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
রঞ্জন কর্মকারের বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর স্ত্রী ও ছেলে রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রঞ্জন কর্মকারের মরদেহ বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছেলে সুভঞ্জন কর্মকার কানাডা থেকে দেশে ফেরার পর মরদেহের শেষকৃত্যের আয়োজন করা হবে।
রঞ্জন কর্মকার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি থাকা অবস্থায় ১৯৮১-৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। বেসরকারি নাগরিক প্রতিষ্ঠান স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ছিলেন তিনি।
ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন রঞ্জন কর্মকার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই দফায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন।
রঞ্জন কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিদের সভাপতিত্রয় অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।