ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আলো-ছায়ায় হৃদয়ের প্রশান্তি

আলো-ছায়ায় হৃদয়ের প্রশান্তি
×

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এইচ. ই. ড. রুডিগার লোটজকে একটি চিত্র তুলে দেওয়া হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২৩:০৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ২৩:০৬

নগরজীবনের অন্তহীন কোলাহল আর নিত্যদিনের ব্যস্ততায় মানুষ যখন কিছুটা ক্লান্ত ও বিভ্রান্ত, ঠিক তখনই একটু থমকে দাঁড়িয়ে ভেতরের নীরবতাকে ছোঁয়ার এক গভীর আহ্বান নিয়ে এসেছে দৃশ্যশিল্প প্রদর্শনী ‘দ্য কোয়ায়েট উইদিন’। চিত্রগ্রাহক ও শিল্পী রাশেদ জামানের এই একক প্রদর্শনীটির আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী কক্ষে শুরু হয়েছে এ আয়োজন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীটির পর্দা উন্মোচিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এইচ. ই. ড. রুডিগার লোটজ। তিনি প্রদর্শনীর ছবিগুলোর প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করার পাশাপাশি প্রতিটি ফ্রেমের পেছনে লুকিয়ে থাকা গল্পের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম প্রদর্শনীর শৈল্পিক আবেদন তুলে ধরে বলেন, ‘বর্তমান সমসাময়িক জীবনের প্রতিকূলতার মাঝে একটু থেমে আত্মউপলব্ধির এই আহ্বান কোনোভাবেই হেলাফেলা করার মতো নয়। রাশেদ জামানের ছবিতে একজন চিত্রশিল্পীর সংবেদনশীলতা স্পষ্ট যে আলোকচিত্রগুলো চলচ্চিত্র, পর্যবেক্ষণ এবং স্মৃতির মাঝে এক কাব্যিক মেলবন্ধন তৈরি করে।’

নিজের সৃজনশীল পথচলা ও প্রদর্শনী নিয়ে কথা বলতে গিয়ে অনুভূতিপ্রবণ হয়ে ওঠেন শিল্পী ও চিত্রগ্রাহক রাশেদ জামান। তিনি বলেন, ‘আমার সবসময় মনে হয়েছে, আমাদের স্রষ্টাই সবচেয়ে বড় ‘সিনেমাটোগ্রাফার’, যিনি প্রতিনিয়ত আলো নিয়ে খেলা করছেন-যে আলো আমাদের আত্মাকে আধ্যাত্মিকভাবে প্রভাবিত করে। সুযোগ পেলেই আমি এই ঘনবসতিপূর্ণ শহর ছেড়ে খোলা ক্যানভাসের খোঁজে বেরিয়ে পড়ি। আশা করি, আমার এই সৃষ্টিগুলো সবাইকে একটু থমকে দাঁড়াতে, গভীরভাবে দেখতে এবং নিজের ভেতরে থাকা সেই প্রশান্তি বা নীরবতাকে নতুন করে আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।’

প্রদর্শনীটি পর্যবেক্ষণ করলে মনে হয়, এটি গতি ও স্তব্ধতার সীমানায় দাঁড়িয়ে থাকা এক গভীর ধ্যাণমগ্নতার রূপ। এখানে সময়ের ক্ষণস্থায়ী স্পন্দন মিলেমিশে একাকার হয়ে গেছে প্রকৃতির চিরন্তন রূপের সঙ্গে। রাশেদ জামানের আলোকচিত্রগুলো স্রেফ কোনো সাধারণ দৃশ্যের নথিবদ্ধকরণ নয়; আলো-ছায়ার সূক্ষ্ম খেলা, সংযত রঙের ব্যবহার এবং বিস্তৃত ‘নেগেটিভ স্পেস’-এর মাধ্যমে এগুলো দর্শককে এক অদ্ভুত গভীর অনুভূতির জগতে নিয়ে যায়।

শৈশবে রাশেদ জামানের স্বপ্ন ছিল চিত্রশিল্পী হওয়ার। পরবর্তীতে লেন্স ও ক্যামেরার পেছনেই তার সৃজনশীল যাত্রা পূর্ণতা পেলেও, তার কাজের ক্যানভাসে চিত্রশিল্পীর দৃষ্টিভঙ্গি সবসময়ই অমলিন ও স্পষ্ট। চারপাশের কোলাহলকে দূরে ঠেলে তিনি তার কাজে সৌন্দর্য, সহনশীলতা এবং মানুষ, প্রাণী ও প্রকৃতির ভেতরের নীরব আত্মিক মেলবন্ধনকে ক্যামেরাবন্দি করেছেন। কৃত্রিমতাহীন তার ক্যামেরায় ধরা দেওয়া অচেনা ও দূরবর্তী ল্যান্ডস্কেপগুলো সত্যকে এমনভাবে তুলে ধরে, যেখানে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়েছে।

শিল্পানুরাগী দর্শক ও দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনীটি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন

×