সম্পাদক গোলাম সারওয়ারকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০০:১০
সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে সমকাল পরিবার। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সেখানে পবিত্র ফাতেহা পাঠ এবং দোয়া-মোনাজাত করেন তাঁর সহকর্মী ও পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ব্যবস্থাপনা সম্পাদক শরীফুল ইসলাম, উপসম্পাদক শাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক (অনলাইন) গৌতম মণ্ডল, প্রধান প্রতিবেদক মসিউর রহমান খান, উপপ্রধান প্রতিবেদক সাহাদাত হোসেন পরশ, যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ সরকার বাবু, প্রধান আলোকচিত্র সাংবাদিক মাহবুব হোসেন নবীন এবং গোলাম সারওয়ারের পরিবারের সদস্যরা।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে সেতারা ভিলায় গোলাম সারওয়ারের পরিবার ও ‘গোলাম সারওয়ার ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোলাম সারওয়ার ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে টানা পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধের সপক্ষে ছিলেন আজীবন সোচ্চার।
সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য ২০১৪ সালে একুশে পদক, ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন গোলাম সারওয়ার।