ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় কোস্টগার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তায় কোস্টগার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন
×
×

মিরপুর কেন্দ্রীয় মন্দিরে কথা বলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৪:৪০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১৪:৪১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকায় ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন তারা। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান। 
তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে কোস্ট গার্ড, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব উদ্‌যাপন করতে পারেন।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, সংস্থাটির পূর্ব জোনের আওতায় ৬৩টি, পশ্চিম জোনে ১৪৪টি, দক্ষিণ জোনে ৩৭১টি এবং ঢাকা জোনে ৩৭টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

মহাপরিচালক বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা দেওয়া কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সদস্যরা কাজ করছেন।

তিনি আরও বলেন, পূজার সময় নৌ-দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা পেতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের আহ্বান জানান তিনি। মহাপরিচালক বলেন, খবর পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে কোস্টগার্ডের জননিরাপত্তামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×