শিল্পে অসন্তোষ নয়, আলোচনায় সমাধান খোঁজার আহ্বান
শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ০৯:১৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ০৯:৩৮
| প্রিন্ট সংস্করণ
কোনো অজুহাতেই যেন পোশাকশিল্পে শ্রম অসন্তোষ সৃষ্টি না হয়। এই ব্যাপারে শ্রমিক, মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। রাজনৈতিক ও ব্যাবসায়িক উস্কানিতে পা না দিয়ে কর্মস্থলে ফিরতে শ্রমিকদের পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি ‘কাজ নেই, তো মজুরি নেই’ শ্রম আইনের সংশ্লিষ্ট ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। ন্যূনতম মজুরির দাবির প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পোশাক শ্রমিক সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ-জিস্কপ, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, গার্মেন্টস শ্রমিক পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পড়েন আইবিসি সভাপতি মীর আবুল কালাম আজাদ। এতে শ্রমিকদের উদ্দেশে বলা হয়, শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে শ্রমিকদের সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।রাজনৈতিক ও ব্যবসায়িক উস্কানি সম্পর্কে সতর্ক থাকতে হবে। ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। মজুরি বোর্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হয়, এমন কোনো কর্মকাণ্ড বা উস্কানিতে জড়ানো যাবে না। একটি যৌক্তিক মজুরি নির্ধারণের দাবিতে সবাই ঐক্যবদ্ধ থাকবে। মজুরি বোর্ডকে সহযোগিতার পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দরকষাকষি অব্যাহত থাকবে। নভেম্বর ও ডিসেম্বর মাস তৈরি পোশাকশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে উৎপাদন ব্যাহত হলে শিল্পের ব্যাপক ক্ষতি হবে, যার প্রভাব পড়বে শ্রমিকদের জীবন-জীবিকার ওপর।
কারখানা মালিকদের প্রতি সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো কারখানায় অসন্তোষ দেখা দিলে ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। শিল্পে কোনো সংকট তৈরি হলে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। এই ধারায় কারখানা বন্ধ করা কোনো সমাধান নয়, বরং এতে সমস্যা সমাধানের পথ আরও ক্ষতিগ্রস্ত হয়। একটি কারখানায় পাঁচ হাজার বা ১০ হাজার শ্রমিক কাজ করেন। সেই কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকরা কর্মস্থলের বাইরে চলে আসেন। এতে আগে থেকেই থাকা বিশৃঙ্খলা আরও বাড়ে।’ শ্রমিকদের দাবির প্রতি সম্মান দেখিয়ে একটি যৌক্তিক মজুরি নির্ধারণে ভূমিকা রাখতে হবে।
সরকারের উদ্দেশে সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত যেসব ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিককে হয়রানি করা এবং গ্রেপ্তার করা হয়েছে, তাদের মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে কেউ প্রকৃতপক্ষে কারখানা ভাঙচুরে জড়িত থাকলে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়েও আপত্তি নেই। তবে এ ঘটনায় কোনো
শ্রমিক যুক্ত নন।
আইবিসি সভাপতি বলেন, শুধু মজুরি বৃদ্ধি করলেই শ্রমিকদের সব সমস্যার সমাধান হবে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যাতায়াত ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে স্থায়ী উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কর্মক্ষেত্রে কাজের চাপ কমানো এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
মজুরি বাড়ানোর দাবিতে দুই সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছে। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর মজুরি পুনর্নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর অনুষ্ঠিত প্রথম বৈঠকেই শ্রমিক পক্ষের প্রতিনিধির দাবি মেনে আগামী মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে সম্মত হয়। মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিক পক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব করেছেন। আগামী সোমবার অনুষ্ঠেয় বোর্ডের তৃতীয় বৈঠকে মালিক পক্ষ মজুরি প্রস্তাব করার কথা।
- বিষয় :
- সংবাদ সম্মেলন
- পোশাক শ্রমিক