ঢাকা রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞান ও সাহিত্যের দুই ভুবনের মানুষ পূরবী বসু আর নেই

বিজ্ঞান ও সাহিত্যের দুই ভুবনের মানুষ পূরবী বসু আর নেই
×
×

পূরবী বসু

সমকাল প্রতিবেদক ‎

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১০:৪৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ১৫:২৬

বিজ্ঞানচর্চা আর সাহিত্য-দুই ভিন্ন জগতে সমান স্বচ্ছন্দ বিচরণ ছিল তার। একদিকে প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়ে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠানে, অন্যদিকে বাংলা সাহিত্যে তুলে ধরেছেন নারী, প্রান্তিক মানুষ ও সমাজের নানা অসংগতির কথা। সেই বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৭ বছর।

তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত জানান, দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে আক্রান্ত ছিলেন পূরবী। শারীরিক নানা জটিলতার পাশাপাশি এর আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন তিনি। অতীতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার শারীরিক সমস্যার সূত্রপাত।

১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উল্লেখ্য,  ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্ম পূরবী বসুর। ঢাবির ফার্মেসিতে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন। তার কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে বিজ্ঞান গবেষণা ও স্বাস্থ্য খাতে। যুক্তরাষ্ট্রে মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার এবং কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন। পরে দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উচ্চপদে যোগ দেন। ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

তবে পেশাগত পরিচয়ের বাইরেও বাংলা সাহিত্যে তার ছিল স্বতন্ত্র অবস্থান। কথাসাহিত্য, প্রবন্ধ ও কবিতায় নারীজীবনের নানা সংকট, নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের অভিজ্ঞতা উঠে এসেছে তার লেখায়। বিভিন্ন সাহিত্য শাখায় তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার পান পূরবী বসু। ২০১৩ সালে অর্জন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

আরও পড়ুন

×