নারীর কর্মসংস্থান বাড়াতে শিশুযত্নে রাষ্ট্রীয় উদ্যোগের তাগিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৮:৫৭
সন্তানের দেখাশোনার দায়িত্ব সামলাতে গিয়ে অনেক নারী কর্মজীবনে প্রবেশ করতে পারেন না। কেউ কেউ চাকরি ছেড়েও দিতে বাধ্য হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি এ খাতের বিকাশে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, শিশুযত্নের সুযোগ বাড়লে নারীর কর্মসংস্থানের পথ যেমন সুগম হবে, তেমনি নিশ্চিত হবে শিশুর সুস্থ বিকাশ।
শনিবার বাংলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’। ‘শিশুর যত্নে ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক ও বিশ্বব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুর যত্ন নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক নারী কর্মক্ষেত্রে যুক্ত হতে পারছেন না। আবার কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন। এ সমস্যা সমাধানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি।
শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১-এর কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। কমিউনিটিভিত্তিক শিশুযত্ন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের জন্যও সুযোগ-সুবিধা তৈরির কথা জানান তিনি।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, দেশের উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বাড়াতে মানবসম্পদের যথাযথ ব্যবহার জরুরি। এ জন্য নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরির পাশাপাশি শিশুদের জীবনের শুরুর সময়টিকে সমৃদ্ধ করতে পারে।
ব্র্যাকের উপনির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর বলেন, শিশুযত্ন সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। সন্তান প্রতিপালন ও কর্মজীবনের মধ্যে নারীদের একটিকে বেছে নিতে হলে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য নীতিগত নির্দেশনার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।
আয়োজকদের মতে, শিশুযত্নকে স্বতন্ত্র খাত হিসেবে স্বীকৃতি দেওয়া হলে নারীর অবৈতনিক যত্নকাজের মূল্যায়ন এবং যত্নদাতাদের অবদান স্বীকারের সুযোগ তৈরি হবে। তবে আইনগত ভিত্তি থাকলেও এ খাতের বিকাশে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে বাস্তবায়ন ও অর্থায়নের সীমাবদ্ধতা, দক্ষ জনবলের অভাব এবং সেবার মান নিশ্চিত করা। নিম্ন আয়ের পরিবারের জন্য মানসম্মত শিশুযত্ন সেবা অনেক ক্ষেত্রে ব্যয়বহুলও।
বিশ্বব্যাংক গ্রুপের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পরিবারগুলো সাশ্রয়ী, কাছাকাছি, নির্ভরযোগ্য এবং শিশুর বিকাশে সহায়ক শিশুযত্ন সেবা পেতে আগ্রহী। সম্মেলনের প্রথম দিনে এ বিষয়ে কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নীতিনির্ধারক, নিয়োগদাতা, উদ্যোক্তা, গবেষক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
- বিষয় :
- নারী
- শিশু
- কর্মসংস্থান