চীন-কোরিয়া থেকে আগতদের পর্যবেক্ষণে রাখবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৩:০৯
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে আসছেন, তাদের পর্যবেক্ষণে রাখবে সরকার। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।
আবদুল মোমেন বলে, যারা ওইসব দেশ থেকে আসবে তাদের নাম-ঠিকানা নিয়ে রাখা হবে, যাতে করে কোনো ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি। বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্পে ( পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র) অনেক চীনা কর্মী কাজ করছে। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশিদের কাজ করতে কোনো সমস্যা হবে কিনা প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কোনো অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?
ভ্রমণ সতর্কতার বিষয়ে আব্দুল মোমেন বলেন, আমরা কোনো ভ্রমণ সতর্কতা দিইনি। আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনো রেসট্রিকশন দিইনি। শুধু বলেছি আমরা সতর্ক থাকবো।
তিনি আরও বলেন, চীনের উহান শহর থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে বাংলাদেশ, ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া আমরা তাদের আনতে পারবো না। এ বিষয়ে আলোচনা চলছে।
আবদুল মোমেন বলেন, আমরা এ ব্যাপারে সজাগ আছি। দেশেও সে ধরনের ব্যবস্থা রেখেছি। এখানে হাসপাতালও তৈরি আছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাসের বিষয় নিয়ে একটি বৈঠক আছে বলেও জানান মন্ত্রী।
- বিষয় :
- পররাষ্ট্রমন্ত্রী
- করোনাভাইরাস
