সাংবাদিকদের শিক্ষাসচিব
সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করছে ইউজিসি
ভর্তি পরীক্ষার ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৪২ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৩৮
সমন্বিত ভর্তি পরীক্ষায় কারা অংশ নেবে এবং কারা অংশ নেবে না সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কয়েকটি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে করণীয় জানতে চাইলে সচিব বলেন, 'আমি এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ও ইউজিসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। বিশ্ববিদ্যালয়গুলো কেন আসতে চাচ্ছে না সে ব্যাপারেও জানার চেষ্টা করব।'
তিনি আরও বলেন, 'গত বছর কৃষি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বছর বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তির আওতায় আসছে। আশা করছি, আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আওতায় আসবে।'
- বিষয় :
- সমন্বিত ভর্তি পরীক্ষা
- ইউজিসি
- শিক্ষাসচিব
