ঢাবির সেই ২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জুবায়ের আহমদ শান্ত ও আল আমিন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫২
গত শনিবার হাইকোর্ট সংলগ্ন রাস্তায় একজন ট্রাক ড্রাইভারকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীদের একজন অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল আমিন (২১)। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে। অপরজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমদ শান্ত (২০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। দু'জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আল আমিন ও জুবায়ের আহমেদ শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গত শনিবার হাইকোর্ট মোড় এলাকায় ওয়াসার বালুর ট্রাকে চাঁদাবাজি এবং ট্রাকটির চালক ও সহকারীকে মারধর সময় ওই দুই শিক্ষার্থীকে হাতে-নাতে আটক করে শাহবাগ পুলিশ। পরে ট্রাকটির সহাকারী বাদী হয়ে মামলা করলে তাদের আদালতে পাঠানো হয়।
