ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সত্য আবার উঠে এসেছে: সামিরার বাবা

সত্য আবার উঠে এসেছে: সামিরার বাবা
×

সামিরার বাবা শফিকুল হক হীরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১১:২৪

'তিন বছরের বেশি সময় ধরে মামলাটির তদন্ত করেছে পিবিআই। এর আগেও অনেক সংস্থা তদন্ত করেছে। দীর্ঘদিন পর হলেও সত্য আবার উঠে এসেছে। পিবিআই বলছে, সালমানকে কেউ খুন করেনি। সে আত্মহত্যা করেছিল।'

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলনের পর সমকালকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন সালমান শাহর স্ত্রী সামিরার বাবা সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা।

শফিকুল হক হীরা বলেন, সালমান শাহ জনপ্রিয় নায়ক ছিল। তার মৃত্যুর পর থেকে অনেকে অনেক কথা বলেছে। তদন্ত নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। পিবিআই থেকে নিষেধ করা হয়েছে। পিবিআইর তদন্ত প্রতিবেদন বিশ্নেষণ করে আমার মেয়ে সামিরা সংবাদ সম্মেলন করতে পারে। এ বিষয়ে সামিরা ও তার মা সিদ্ধান্ত নেবেন।

শফিকুল হক হীরা আরও বলেন, পিবিআই অনেক খুঁটিনাটি তদন্ত করেছে। তারা প্রমাণ করেছে- সালমান শাহকে কেউ খুন করেনি। সে আত্মহত্যা করেছিল। আমরাও ২৪ বছর ধরে সেটাই বলে আসছি। ২৪ বছর পর সেটা প্রমাণ হয়েছে। আমি পিবিআইর তদন্তে সন্তুষ্ট। আমার পরিবারও সন্তুষ্ট।

শাবনূরের ব্যাপারে সালমান শাহর শ্বশুর বলেন, শাবনূরের বিষয়ে আমার বলার কিছুই নেই। যদি কিছু বলতে হয়, সামিরাই প্রেস কনফারেন্স করে বলবে। ২৪ বছর ধরে আমার মেয়েকে তো অনেক অপবাদ নিতে হয়েছে। আমার মেয়ের ২৪ বছর তো চাইলেই কেউ আর ফিরিয়ে দিতে পারবে না। তবে ব্যক্তিগতভাবে কারও ওপর আমাদের রাগ-ক্ষোভ নেই।

আরও পড়ুন

×