ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে

অনশনে রাবির পপুলেশন সায়েন্সের শিক্ষার্থীরা

অনশনে রাবির পপুলেশন সায়েন্সের শিক্ষার্থীরা
×

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অনশনে রাবির পপুলেশন সায়েন্সের শিক্ষার্থীরা- সমকাল

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম ফলিত পরিসংখ্যান করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক (তৃতীয় বিজ্ঞান) ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। রাত সারে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অনশন চলছিল। 

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফলিত পরিসংখ্যানের সঙ্গে তাদের সিলেবাসের অধিকাংশ মিল থাকা সত্ত্বেও শুধু নামের কারণে তারা চাকরির ক্ষেত্রে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। সে জন্য বিভাগের নাম পরিবর্তন না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাজির রহমান বলেন, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম থাকায় আমরা অনেক চাকরিতে আবেদন করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আমাদের সভাপতি বিভাগের নাম পরিবর্তনের লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। এদিকে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে আসেন প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ প্রক্টোরিয়াল বডির সদস্যরা। এ সময় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রক্টর শিক্ষার্থীদের দাবির বিষয়টি উপচার্যকে জানানোর আশ্বাস দিয়ে অনশন কর্মসূচি স্থগিত করতে বললেও তারা আন্দোলন স্থগিত করেননি।

বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছি। কিন্তু তারা লিখিত আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলছে।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের অনশন কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা শোনেনি। বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় বসে সমাধান করতে হবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকা আছেন, তিনি এলে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

আরও পড়ুন

×