পেঁয়াজ রপ্তানি ফের শুরু করছে ভারত
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৪৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৫৫
পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পাঁচ মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। এবার বাম্পার ফলন হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বছরের সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশের বাজারে অস্থিরতা দেখা দেয়। এর মধ্যেই ভারত থেকে ফের পেঁয়াজ আমদানির পথ খুলল।
এক টুইটে পাসোয়ান বলেন, যেহেতু পেঁয়াজের বাজার এখন স্থিতিশীল এবং ফলনও হয়েছে বাম্পার, তাই সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ মৌসুমে ভারতে দুই কোটি ৪৫ লাখ টনের মতো পেঁয়াজ উঠবে বলে আশা করা হচ্ছে। গত বছর উৎপাদন হয় দুই কোটি ২৮ লাখ টন।
বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৮ লাখ টন বলে ধরা হয়। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১৮ লাখ টনের মতো। চাহিদার বাকিটা দীর্ঘদিন ধরেই মূলত ভারত থেকে আমদানি করে মেটানো হয়।
- বিষয় :
- পেঁয়াজ রপ্তানি
- নিষেধাজ্ঞা
- ভারত
