মানবজমিন সম্পাদক মতিউর রহমানের জামিন
মতিউর রহমান চৌধুরী -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৭:১৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই সময়ের মধ্যে তাকে বিচারিক আদালতে গিয়ে জামিনের আবেদন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে আগাম জামিন চেয়ে আবেদন করেন মতিউর রহমান চৌধুরী। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া।
গত ৯ মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মানবজমিন সম্পাদকসহ ৩১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ বলা হয়, অভিযুক্তরা বহিস্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নুর পাপিয়ার সঙ্গে তাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট-তথ্য সম্বলিত সংবাদ প্রচার করেছেন।
