ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ফেলানী হত্যা

ভারতের সুপ্রিম কোর্টের কার্যতালিকা থেকে বাদ রিটের শুনানি

ভারতের সুপ্রিম কোর্টের কার্যতালিকা থেকে বাদ রিটের শুনানি
×

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১০:১৫

বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনঃবিচার এবং ক্ষতিপূরণ চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে আনীত রিটের শুনানি বুধবার হওয়ার কথা থাকলেও তা হয়নি। উপরন্তু শুনানির কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে রিটকারী কলকাতার বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক কিরীটী রায়ের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন। ফলে ফেলানী হত্যার ন্যায়বিচার পাওয়ার বিষয়টি আবার অনিশ্চিত হয়ে পড়ল।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিচারপতি ড. ডি ওয়াই চন্দ্রচাদ এবং বিচারপতি কেএম জোসেফের যৌথ বেঞ্চে এই রিটের শুনানি শুরু হয়। পরে অধিকতর শুনানির জন্য ১৮ মার্চ দিন ধার্য করা হয়। শুনানিতে রিটের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট বিজন ঘোষ ও অপর্ণা ভাট। আর প্রতিপক্ষ ভারত ইউনিয়ন ও অন্যদের পক্ষে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট ডি মোহনা।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন জানান, ভারতের সুপ্রিম কোর্ট করোনার কারণে জরুরি বিষয় ছাড়া অন্য কিছু শুনানি না করায় ফেলানীর রিটের শুনানি হয়নি এবং কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পরে অবস্থা স্বাভাবিক হলে রিটটি শুনানি জন্য কার্যতালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

২০১১ সালের ৭ জানুয়ারি ভোর ৬টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষ ১৪ বছর বয়সী ফেলানীকে গুলি করে হত্যা করে। এ সময় ফেলানীর মরদেহ কাঁটাতারে ঝুলে ছিল পাঁচ ঘণ্টা। এ ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

এ প্রসঙ্গে ফেলানীর বাবা নুর ইসলাম বলেন, তিনি হাল ছাড়বেন না। যতদিন না ন্যায়বিচার না পাবেন, ততদিন বিচার চাইতেই থাকবেন।




আরও পড়ুন

×