যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্মারক ডাকচিহ্ন প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১০:৩১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চকে আন্তর্জাতিক বঙ্গবন্ধু দিবস আখ্যায়িত করে তার ছবি সংবলিত বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপিএস)।
বুধবার ঢাকায় প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়। খবর বাসসের
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা, নিউইয়র্কে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাসহ বিশিষ্টজনদের পোস্টাল কার্ড পাঠানোর মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্মারক ডাকচিহ্ন প্রকাশিত হয়।
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা ভিডিও ফোনকলের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি-আমেরিকান অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস পোস্ট অফিসে বঙ্গবন্ধুর ছবি সংবলিত সিলমোহর প্রকাশের উদ্বোধন করেন। জ্যাকসন হাইটস পোস্ট অফিসের সুপারভাইজার ফাতিমা সালাজার বলেন, কমিউনিটির সেবা দিতে পেরে তারা গৌরবান্বিত।
করোনাভাইরাসকে উপেক্ষা করে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিৎ সাহা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাহিম রেজা নূর, এনআরবি গ্লোবাল ইন্কের নির্বাহী শেখ সাজ্জাদ, সাংবাদিক শহীদুল ইসলাম ও ডাকটিকিট সংগ্রাহক মুজাহিদুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
