রাত ১২টা থেকে ১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২০ | ২২:০৯ | আপডেট: ২১ মার্চ ২০২০ | ০৪:১০
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে শনিবার মধ্যরাত থেকে ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ ছাড়া আজ শনিবার সন্ধ্যা থেকে বিমানবন্দর ব্যবস্থাপনায় সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করতে পারে বলে তিনি জানিয়েছেন।
মফিদুর রহমান বলেন, বাইরের দেশ থেকে যারা দেশে এসেছেন তাদের মাধ্যমেই বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়েছে। এজন্য বিমান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। আজ রাত ১২টা থেকে ১০ টি রুটে বিমান চলাচল বন্ধ হচ্ছে। আরও চারটি রুট খোলঅ থাকছে। প্রয়োজন মনে করলে সেগুলোও বন্ধ করা হবে।
রুট বন্ধ হওয়া দেশগুলো হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত।
যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ রয়েছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
