ফেসবুক ও হোয়াটঅ্যাপসের মাধ্যমে করোনার সতর্কবার্তা দেবে ডব্লিউএইচও
ডব্লিউএইচও লোগো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০১:৫০
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সবাইকে সতর্ক করতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সঙ্গে বার্তা পরিষেবা চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সহজেই ব্যবহারযোগ্য এই বার্তা পরিষেবাটি দুই বিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য সরাসরি পৌঁছাতে সক্ষম হবে।
সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে স্বাস্থ্যকর্মী, পরিবার এবং বন্ধুবান্ধবের কাছে এই বার্তা পরিষেবাটি করোনভাইরাস সম্পর্কে সর্বশেষ সংবাদ এবং তথ্য সরবরাহ করবে।
করোনাভাইরাসের লক্ষণগুলো বিস্তারিতভাবে এবং কীভাবে মানুষ নিজেকে ও অন্যকে প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে সুরক্ষা দিতে পারে সে সম্পর্কে বলে দেওয়া থাকবে।
বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে।
নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে ডব্লিউএইচও।
