বিডিবিও-সমকাল জীববিজ্ঞান অলিম্পিয়াড
জাবি অঞ্চলে বিজয়ী ৮৪ শিক্ষার্থী
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ১০ মার্চ ২০২৩ | ১৫:৫১
সমকাল ও বিডিবিও জীববিজ্ঞান অলিম্পিয়াডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঞ্চলে বিজয়ী হয়েছেন ৮৪ শিক্ষার্থী। তাঁরা জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের মাঠে এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। অলিম্পিয়াডের আয়োজক সমকাল ও বিডিবিও।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঞ্চলে সেরা স্কুল হিসেবে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং সর্বোচ্চ অংশগ্রহণকারী হিসেবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম ঘোষণা করা হয়।
এর আগে সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড এবং সমকালের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুহু আলম, বিডিবিও জাহাঙ্গীরনগর অঞ্চলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক উম্মে সালমা যোহরা, জাহাঙ্গীরনগর অঞ্চলের অলিম্পিয়াড আয়োজনের সাধারণ সম্পাদক ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস সুমাইয়া, সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু নাঈম তরুণ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা এক ঘণ্টার পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে দুপুর ১২টায় জহির রায়হান মিলনায়তনে হয় প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী অনুষ্ঠান। বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত প্রশ্নের সম্মুখীন হন শিক্ষকরা। শিক্ষার্থীদের প্রশ্ন ও বিশেষজ্ঞ প্যানেলের সদস্যদের যুক্তিনির্ভর উত্তরে মুখর হয়ে ওঠে উৎসব।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক নুহু আলম, অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অধ্যাপক উম্মে সালমা যোহরা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম ও অলিম্পিয়াডের আঞ্চলিক আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম। পরে অতিথি শিক্ষকদের বিবেচনায় বুদ্ধিদীপ্ত সেরা ১০ প্রশ্নকারীকে পুরস্কার হিসেবে জীববিজ্ঞান বিষয়ক বই দেওয়া হয়।
