করোনাভাইরাস রোধ চিকিৎসক ও নার্সদের দ্রুত সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ০৯:৪১
করোনাভাইরাসের সংক্রমণ থেকে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্নিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে কী কী উপকরণ দরকার, সেটি নির্ধারণ করতেও স্বাস্থ্য মন্ত্রণালয়কে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা দাখিল করতে হবে হাইকোর্টে।
বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রোববার এ আদেশ দেন।
আদেশে আরও বলা হয়, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালককে নিয়ে এ কমিটি গঠন করতে হবে। অর্থ মন্ত্রণালয়কে ওই তালিকা প্রণয়নের বিষয়ে অর্থ বরাদ্দ দিতেও বলা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্নিষ্টদের
নিরাপত্তাসহ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রোববার জনস্বার্থে হাইকোর্টে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
সংগঠনটির পক্ষে রিট করেন আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়াসহ তিন আইনজীবী। রিটের
পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
- বিষয় :
- হাইকোর্ট
