জরুরি বিষয় ছাড়া অধস্তন আদালতের কার্যক্রম মুলতবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ১০:৪১
দেশের অধস্তন আদালতে জামিন বা অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এদিকে এ আদেশের পরপরই জরুরি কোনো বিষয়ে শুনানি ছাড়া বিচারাধীন মামলাগুলো মুলতবি রাখার ঘোষণা দিয়ে স্মারক জারি করেছেন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের অধস্তন আদালতগুলোয় অধিকসংখ্যক জনসমাগম পরিহার করা প্রয়োজন। এ উদ্দেশ্যে দেশের অধস্তন আদালতগুলোয় জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করা আবশ্যক। তাই এ অবস্থায় দেশের অধস্তন আদালতগুলোয় জামিন/অস্থায়ী নিষেধাজ্ঞা ও জরুরি বিষয় ছাড়া অন্যান্য বিষয় যৌক্তিক সময়ের জন্য মুলতবি করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে কেবল জরুরি কোনো বিষয়ে শুনানি ছাড়া বিচারাধীন মামলাগুলো মুলতবি রাখা হলো। পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় বিচারাধীন মামলাগুলোর পরবর্তী ধার্য তারিখ উল্লেখ করে প্রোডাকশন ওয়ারেন্ট কারা কর্তৃপক্ষকে পাঠানো হবে। একই সঙ্গে কোনো মামলায় জামিনে থাকা আসামিকে, যদি থাকে তার নিযুক্ত কৌঁসুলির মাধ্যমে হাজিরা দিতে বলা হলো।
স্মারকে আরও বলা হয়, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, ভবন ও আদালত কক্ষকে সুরক্ষিত ও জনসমাগম থেকে দূরে রাখা জরুরি। ট্রাইব্যুনালে বিচারাধীন সব মামলা সূত্রে কারাবন্দি অভিযুক্তদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত ধার্য তারিখগুলোয় কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে ট্রাইব্যুনালে হাজির না করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হলো।
- বিষয় :
- আদালত
- সুপ্রিমকোর্ট
