সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন উদ্যোগ
করোনা প্রতিরোধে সমকাল
রোববার সমকাল কার্যালয়ে ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির হাতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট তুলে দেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ১৪:৩২ | আপডেট: ২২ মার্চ ২০২০ | ১৪:৪৯
করোনাভাইরাস প্রতিরোধে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন যৌথ উদ্যোগে শুরু করেছে সচেতনতা কর্মসূচি। আতঙ্ক নয়, সচেতন হোন- এ আহ্বান নিয়ে রোববার বিকেলে সমকাল সভাকক্ষে এ কর্মসূচির সূচনা করা হয়।
বিশ্বের প্রায় সব দেশেই মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নেই। ইতোমধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সচেতন হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণই পারে আমাদের করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে। আমাদের মতো দেশে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ। সামাজিক দায়বদ্ধতা থেকে বরাবরের মতো এবারও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করবে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন।
অনাড়ম্বর আয়োজনে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফির হাতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট তুলে দেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন টাইমস মিডিয়ার নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন, বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, চিফ রিপোর্টার লোটন একরাম, সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, সহ-সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ঢাকা, রাজশাহী ও সিলেটের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সমকাল ইতোমধ্যে সুনির্দিষ্ট বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কর্মস্থল ব্যবস্থাপনা ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সুপারিশমালার ভিত্তিতে এ পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
পদক্ষেপের অংশ হিসেবে সমকাল কার্যালয়ে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। করোনা পরিস্থিতিতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে কর্মীদের নিয়মিত সচেতন করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মীদের নিরাপদে দায়িত্ব পালনেও নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রয়োজনে অফিসে কর্মীদের উপস্থিতি সীমিত করার জন্য বিভাগীয় প্রধানদের বলা হয়েছে। বয়স্ক ও নারী কর্মী এবং যাদের বাড়িতে অসুস্থ সদস্য আছেন, তাদের বাড়িতে থেকে কাজ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বিভাগীয় প্রধানরা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন।
সমকাল ছাপা কাগজের পাশাপাশি অনলাইনেও ২৪ ঘণ্টা করোনাভাইরাস নিয়ে সব রকমের খবর ও তথ্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে। জনসচেতনতামূলক লেখায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের সংবাদ আয়োজনের জন্য সমকালে রিপোর্টার ও সহ-সম্পাদকদের নিয়ে আলাদা সেল করা হয়েছে। এই সেলের নেতৃত্ব দেবেন চিফ রিপোর্টার। তিনি বার্তা সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের সঙ্গে সমন্বয় করবেন।
- বিষয় :
- করোনা
- সমকাল
- আল-খায়ের ফাউন্ডেশন
- সচেতনতা কর্মসূচি
