বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
অফিসার ক্যাডেট কাশশাফ মাহবুব লাবিবকে 'সোর্ড অব অনার' প্রদান করছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি-আইএসপিআর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৬:৫০ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৮:০৭
বাংলাদেশ বিমানবাহিনীর ৮২তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৩ কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (গ্রীষ্মকালীন) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার যশোরে বিমানবাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর জানায়, অফিসার ক্যাডেট কাশশাফ মাহবুব লাবিব ৮২তম বাফা কোর্স সেরা হওয়ার জন্য 'সোর্ড অব অনার', অফিসার ক্যাডেট ওয়াসিফ আহাম্মদ উড্ডয়ন প্রশিক্ষণে সেরা হওয়ার জন্য 'বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি' এবং অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য 'কমান্ড্যান্টস ট্রফি' লাভ করেন। ৮২তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা হওয়ার জন্য অফিসার ক্যাডেট সৈয়দা ফারিহা ইয়াসমিন 'বিমানবাহিনী প্রধানের ট্রফি' লাভ করেন। গ্রীষ্মকালীন এই সেমিস্টারে এক নম্বর স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ব শান্তিরক্ষাসহ দেশের ভেতরে শান্তিুশৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা, দুর্গম পাহাড়ি এলাকায় বীজ বপন এবং অন্যান্য দেশে মানবিক সাহায্য পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় বহন করে। বিমানবাহিনী একাডেমির বিশ্বমানের প্রশিক্ষণের কারণে বন্ধুপ্রতিম দেশের ক্যাডেটরা এই একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন।
কুচকাওয়াজের মাধ্যমে ছয়জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ২২ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার কাশশাফ মাহবুব লাবিব আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন। কুচকাওয়াজ শেষে বিমানবাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও আকর্ষনীয় এরোবেটিক ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশন পাওয়া কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।