ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৬ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৭:০৪ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৭:৪২
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহাসহ সংস্থার ৬ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধিদপ্তরের ৪ জন কর্মকর্তা ও একজন গাড়ি চালক রয়েছেন।
সোমবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, অধিদপ্তরের মহাপরিচালক এবং নতুন করে আরও চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন উপ-পরিচালক আতিয়া সুলতানা, সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও রজবী নাহার রজনী এবং অধিদপ্তরের গাড়িচালক মিলিয়া খানম।
এর আগে গত ১৩ মে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত অধিদপ্তরের ছয়জন করানায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, বর্তমানে অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে ১৪ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ৫ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের শরীরিক অবস্থা ভালো রয়েছে। এ ছাড়া বাকি নয় জনের করোনা পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন। করোনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার উপর এখন বাজারে তদারকির বিষয়টি নির্ভর করবে। ঝুঁকি থাকায় আজ সোমবার সংস্থার কোন কর্মকর্তা মাঠে যাননি। তবে এই অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের টিম এখন মাঠে সরব হতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি চলছে। এ সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। নিয়মিত বাজার তদারকি করে বিভিন্ন পণ্যের দাম স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছে অধিদপ্তর।