ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পুলিশে আক্রান্ত ২৮৯৫, হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছে বিশেষ টিম

পুলিশে আক্রান্ত ২৮৯৫, হাসপাতালে গিয়ে খোঁজ নিচ্ছে বিশেষ টিম
×

বুধবার সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান। ছবি: ডিএমপি নিউজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২০ | ০৮:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বুধবার পর্যন্ত সংক্রমিত হয়েছে ২ হাজার ৮৯৫ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১ হাজার ২২৫ জন। এছাড়া কোয়ারেন্টাইনে রয়েছে ৩ হাজার ৫১৮ জন। আইসোলেশনে রয়েছে ১ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯ পুলিশ সদস্য। 

এদিকে পুলিশ সদসর দপ্তরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, আইজিপি ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর কমিশনার মোহা. শফিকুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে যাচ্ছেন তারা। তাদের নির্দেশনায় ইতিমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলছেন, স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। 

এর ধারাবাহিকতায় বুধবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ডিএমপির ট্রাফিক ব্যারাকে স্থাপিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র, ডিটেকটিভ ট্রেনিং স্কুল, রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশে চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।

তারা এসব হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে করোনা আক্রান্ত প্রত্যেক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নেন।

আরও পড়ুন

×