খুলনা ও মোংলায় ঢুকেছে `আম্পান`
আম্পান'র প্রভাবে বৃষ্টি হচ্ছে খুলনায়- ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২০ | ০৯:১৬ | আপডেট: ২০ মে ২০২০ | ০৯:৩৩
সুন্দরবন সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে অতিপ্রবল ঘূর্ণিঝড় 'আম্পান' এথন খুলনা ও বাগেরহাটের মোংলায় অবস্থান করছে।
বুধবার রাত ৯টার দিকে আবহাওয়াবিদ নাজমুল হোসেন সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা ও মোংলায় ঢুকে পড়েছে 'আম্পান'। এসব এলায় বৃষ্টি হচ্ছে; বাতাসের গতিবেও বেড়েছে। রাত ১০টার দিকে বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও উত্তর-উত্তরপূর্ব দিয়ে অগ্রসর হয়ে বিকেল ৪টা নাগাদ সাগর দ্বীপের পূর্বপাশ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে।
এটি সন্ধ্যা ৬টায় পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় (সুন্দরবন এলাকা) অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিতে অগ্রসর হয়ে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
অধিদম্পতর বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। যা দমকা হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ‘আম্পান’ এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসলগ্ন এলাকা উত্তাল রয়েছে।