আম্পান: বিরতিহীন সম্প্রচারে উপকূলীয় ৮ কমিউনিটি রেডিও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২০ | ১০:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলা ও দুর্যোগে ক্ষয়-ক্ষতি হ্রাস করার লক্ষ্যে উপকূলীয় ৮টি কমিউনিটি রেডিও ও দুটি অনলাইন রেডিও গত ১৭ মে থেকে বিরতিহীনভাবে ১৬০ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেডিওগুলোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ), ঘূর্ণিঝড় সংক্রান্ত বিশেষ বুলেটিন প্রচার, স্পট, জিঙ্গেল, নাটিকা, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাক্ষাতকার। এসব অনুষ্ঠানের মাধ্যমে ঘূর্ণিঝড় কবলিত জনগণের জান-মাল রক্ষার্থে নানা তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে যেমন- ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পূর্ব প্রস্তুতি, প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যবান সামগ্রীসহ শুকনা খাবার ও ঔষধ কাছে রাখা, শিশু, বৃদ্ধ ও গর্ভবতীদের নিরাপদে দ্রুততার সাথে আশ্রয় কেন্দ্রে প্রেরণ, গবাদি পশু রক্ষা, স্থানীয় প্রশাসনের তৎপরতা, আশ্রয়কেন্দ্রে প্রদত্ত ত্রাণ ও সেবা তৎপরতা, ঘূর্ণিঝড় মোবাবেলা সংক্রান্ত কন্ট্রোল রুমের নম্বর ও ফোন করার পদ্ধতি, পানিতে ডুবে থাকা বা বিছিন্ন বিদ্যুৎ লাইন সম্পর্কে সতর্কবার্তা।
নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে রেডিও স্টেশনগুলোর ২ জন সার্বক্ষণিকসহ মোট ৫৭ জন সম্প্রচারকারী ও ২৯৮ জন স্বেচ্ছাসেবক স্থানীয় জনগোষ্ঠীর সাথে যোগাযোগ রক্ষা করছেন।
রেডিওয়ের সম্প্রচারে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) একটি মনিটরিং সেল কাজ করছে। এই সেল ২৪ ঘন্টা ঘূর্ণিঝড় পরিস্থিতি মনিটরিং করছে। চলমান ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি রেডিওগুলোকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন, জনগণের জীবন এবং সম্পদ রক্ষার্থে কখন কিভাবে কোন অনুষ্ঠান সম্প্রচার করবে তার গাইডলাইন, ম্যাটেরিয়াল সরবরাহসহ রেডিও স্টেশনের প্রস্তুতি ইত্যাদি বিষয়ে সহযোগিতা প্রদান এবং রেডিওগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।
এরআগে ঘূর্ণিঝড় মহাসেন, রোয়ানো, কোমেন, ফনি ও বুলবুলের সময়ও কমিউনিটি রেডিওগুলো প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। সংবাদ বিজ্ঞপ্তি