পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়: প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি টেলিভিশন থেকে নেওয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৫:০১
পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছেই না। গত দেড় মাস ধরে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় নানা উদ্যোগ নিয়েছে। জনগণকে আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এ বিষয়ে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জবাবে তিনি বলেন, পেঁয়াজের বাজারে অস্থিরতা বেশিদিন থাকবে না, এটা সাময়িক। অলরেডি ৫৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ চলে এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আমাদের বাসায় পেঁয়াজ ছাড়াই রান্না হয়। পেঁয়াজ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। হয়তো আগে বেশি ব্যবহার হতো, এখন কম ব্যবহার হবে। দুশ্চিন্তার কিছু নেই। এ সংকট বেশিদিন থাকবে না। যারা মজুত রাখছে, তাদের লোকসানই হবে।
আজারবাইজান সফর সম্পর্কে জানাতে মঙ্গলবারের এ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ১২০টি উন্নয়নশীল দেশের ফোরাম নন-অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম) সম্মেলনের ১৮তম সম্মেলনে যোগ দিতে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আজারবাইজান সফর করেন।
আজারবাইজানের রাজধানী বাকুর বাকু কংগ্রেস সেন্টারে ২৫ ও ২৬ অক্টোবর দুই দিনব্যাপী এই ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাম সম্মেলনে যোগ দেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- পেঁয়াজ