শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ১৫:১৮ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ১৭:৪০
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে সাইন্সল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান। এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখান থেকে সচিবালয়ের সামনে এসে বসে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের সামনে আসার পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সরকারের প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনার জন্য ২০ মিনিটের সময় নিয়েছেন। কিন্তু এই সময় অতিবাহিত হলেও সরকারের পক্ষ থেকে কেউ আসেনি। পরে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢোকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন স্লোগান দিচ্ছেন।
পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের প্রতিটি গেটে অবস্থান নিয়েছেন।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ফটকে এসেছে। যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের খাতা পুনর্মূল্যায়নের দাবিতেও সচিবালয়ের সামনে এসেছেন শিক্ষার্থীরা।

সচিবালয়ের গেটগুলো বন্ধ করে দেওয়ায় ভেতরে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটি এসেছে গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে।
প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টার মাহফুজ আলম পরীক্ষা স্থগিতের তথ্য জানান। এরপর আজ সকাল সোয়া সাতটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের কথা জানান। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিও পরীক্ষা স্থগিতের তথ্য জানান।
- বিষয় :
- শিক্ষা উপদেষ্টা
- শিক্ষা সচিব
- পদত্যাগের দাবি
