ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

'স্যার' বলে সম্বোধন না করলে নানাভাবে নাজেহাল করতেন সাহেদ

'স্যার' বলে সম্বোধন না করলে নানাভাবে নাজেহাল করতেন সাহেদ
×

মো. সাহেদ ওরফে সাহেদ করিম

সাহাদাত হোসেন পরশ

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ২২:৫৩

কেউ 'স্যার' বলে সম্বোধন না করলে তাকে নানাভাবে নাজেহাল করতেন করোনার নমুনা পরীক্ষা নিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম।

তদন্ত-সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য জানিয়েছে।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর রোগীদের বিনামূল্যে করোনা চিকিৎসার জন্য চুক্তি করে। পরে ওই হাসপাতালে দু'জন সরকারি চিকিৎসককে ডেপুটেশনে পাঠানো হয়। তাদের মধ্যে এক চিকিৎসক সাহেদের আচার-আচরণ দেখে তাকে 'স্যার' বলে সম্বোধন করতেন না। 'স্যার' বলে সম্বোধন না করায় ওই চিকিৎসকের ওই হাসপাতালে যোগদান-সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ে পাঠাননি সাহেদ।

অপর এক কর্মকর্তা জানান, একবার গোয়েন্দা কার্যালয়ে সাহেদকে কোনো একটি বিষয়ে ডাকা হয়েছিল। ওই অফিসের এক পরিচালক তাকে ফোন করেন। পরে ওই পরিচালককে সাহেদ বলেন, 'আমার ওপর আপনার কোনো স্টাডি রয়েছে। আপনার বসের সঙ্গে আমার নিয়মিত কথা হয়।' কিন্তু সত্যি হলো, ওই কার্যালয়ের বসের সঙ্গে তার নিয়মিত কথা হতো না। পরিচালককে থামিয়ে দিতে নিজের এমন অবস্থান জাহির করেন তিনি।

প্রসঙ্গত, ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর গা-ঢাকা দেন সাহেদ। এরপর গত বুধবার সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে একটি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা জানান, ধরা পড়ার মুহূর্তে সাহেদ নিজেকে একজন গণমান্য ব্যক্তি বলে দাবি করেছিলেন।

গ্রেপ্তারের পর বুধবার সকালেই সাহেদকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ঢাকায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অভিযানে যায় র‌্যাব। পরে তাকে তার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানায়। অন্যদিকে সাহেদের আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সাহেদকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন

×