ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাকসুতে নজর কাড়ছে অনলাইন প্রচার 

জাকসুতে নজর কাড়ছে অনলাইন প্রচার 
×

তারেক হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৫৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের অনলাইনভিত্তিক প্রচার নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আইডি-পেজে ভিডিও, মিমস, ফটোকার্ড, ইশতেহারসহ বিভিন্ন কনটেন্ট প্রচার করছেন প্রার্থীরা। পাশাপাশি প্যানেলভিত্তিক ফেসবুক পেজ খুলে ভোটার টানতে প্রচার চালানো হচ্ছে।

আচরণবিধি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ভবন, দেয়াল, শ্রেণিকক্ষ ও আবাসিক হলে পোস্টার লাগানো নিষেধ। এ সুযোগে প্রার্থীদের কেউ কেউ সামাজিক মাধ্যমে কিংবদন্তি ফুটবলারের ছবি-জার্সি নম্বর পোস্ট করে নিজের ব্যালটের কথা জানাচ্ছেন। অনেকে সিনেমার ট্রেলরের মতো ভিডিও পোস্ট করছেন। কেউ মিমস আকারে ব্যালট নম্বর তুলে ধরছেন।

ছাত্রদলসমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী ফেসবুকে ‘দ্য লিজেন্ডারি ব্যালট ওয়ান’ নামে কিংবদন্তি গোলকিপার ম্যানুয়াল নুয়ার ও জিয়ানলুইজি বুফনের এক নম্বর জার্সির ছবি দিয়ে ফটোকার্ড করেছেন। নির্বাচনে তাঁর ব্যালট নম্বর ১। একই প্যানেলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থী জাহিদ হাসান খান নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে– জুনিয়ররা ‘জাহিদ ভাই জাহিদ ভাই; আপনার কোনো চিন্তা নাই, জাহাঙ্গীরনগরের জনগণ শুধু আপনাকেই চায়’ গান করছেন।

ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গীতিকার আপেল মাহমুদের বিখ্যাত ‘জীবন কাটে যুদ্ধ করে; প্রাণের মায়া সাঙ্গ করে’ গান গাইছেন প্রার্থীরা। সিনেমার ট্রেলারের আদলে দুই মিনিট দুই সেকেন্ডের ভিডিও নিজের আইডিতে পোস্ট করেছেন কাজী নজরুল ইসলাম হল সংসদের জিএস প্রার্থী সোহেল রানা। 

জাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে আটটি প্যানেল। এর মধ্যে পাঁচটি পূর্ণাঙ্গ ও তিনটি আংশিক প্যানেল ঘোষণা করেছে। অধিকাংশ প্যানেল ফেসবুক পেজ খুলে প্রচার চালাচ্ছে। সেখানে তারা নানা উপায়ে ভোটার টানার চেষ্টা করছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ তাদের প্যানেলের ফেসবুক পেজে ‘জাহাঙ্গীরনগরের জন্য আমরা’ ক্যাপশন দিয়ে ভিডিও প্রচার করেছে। সিনেম্যাটিক ঢঙের ভিডিওতে প্রার্থীরা একে একে নিজের নাম, পদ ও ব্যালট নম্বর পরিচয় করাচ্ছেন।

ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও ইন্ডেজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ফেসবুক পেজ থেকে ‘১১ সেপ্টেম্বর সারাদিন, সম্প্রীতির ঐক্য মনোনীত প্রার্থীদের ভোট দিন’ ক্যাপশনজুড়ে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে।

ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত ‘সংশপ্তক পর্ষদ’ প্যানেল তাদের ফেসবুক পেজে প্রতিদিনের কার্যক্রম ফটোকার্ড, ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে তুলে ধরছে।
 

আরও পড়ুন

×