হরিরামপুরে এক রাতে দুই ব্যবসায়ীর ওপর হামলা
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০২:০৫
মানিকগঞ্জের হরিরামপুরে এক রাতে দুই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
উপজেলার লেছড়াগঞ্জ বাজারে গত বৃহস্পতিবার রাতে স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারকে কুপিয়ে ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। একই রাতে উপজেলার যাত্রাপুর গ্রামে মুদি ব্যবসায়ী শেখ সবুজের ওপর হামলা চালিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। অবশ্য ধাওয়া খেয়ে সেটি ফেলে যায় তারা।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি আসার পথে যাত্রাপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারকে কুপিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর গতকাল শুক্রবার তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ছিনতাইয়ের শিকার হন উপজেলার কাণ্ঠাপাড়া বাজারের মুদি ব্যবসায়ী শেখ সবুজ (৪০)। দোকান বন্ধ করে যাত্রাপুর গ্রামের বাড়িতে ফিরে ঘরের তালা খোলার সময় এক দুর্বৃত্ত তাঁর ওপর হামলা করে ব্যাগ ছিনিয়ে নেয়। তাঁর চিৎকার শুনে ঘর থেকে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এদিকে ব্যাগ নিয়ে পালানোর সময় এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে যায় দুর্বৃত্ত। পরে ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায় সে। রাতেই শেখ সবুজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একই রাতে পরপর দুটি হামলা ও ছিনতাইয়ের ঘটনায় উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারের মাথায় আঘাত করা হয়েছিল। অনেক রক্তপাত হয়েছে, অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে। তাঁর সিটিস্ক্যান করাতে হবে। তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য ব্যবসায়ী শেখ সবুজ বর্তমানে ভালো আছেন।
হরিরামপুর থানার ওসি জেওম তৌফিক আজম জানান, খবর পেয়ে তিনি রাতেই হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত জেনেছেন। প্রাথমিকভাবে মাদকাসক্ত ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- মানিকগঞ্জ