‘যুক্তি মানুষকে আলোকিত করে, বিজ্ঞান দেয় মুক্তি’
পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে গতকাল শুক্রবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হকসহ অতিথিরা - সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০৭:১৫
| প্রিন্ট সংস্করণ
বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি এক বিশেষ শিক্ষণ প্রক্রিয়া। শিক্ষার্থীদের চোখেমুখে যেন সেই উপলব্ধির দীপ্তি ছড়িয়ে পড়েছে। তারা প্রমাণ করেছে– যুক্তির শক্তি মানুষকে আলোকিত করে, আর বিজ্ঞানের শক্তি মানুষকে মুক্তি দেয়।
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে অতিথিরা এসব কথা বলেন। এর আগে যুক্তির ঝংকার আর উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। গতকাল শুক্রবার দেশের পাঁচ জেলায় অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্কের এই আসর।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে
গতকাল সাতক্ষীরা, পিরোজপুর, দিনাজপুর, চুয়াডাঙ্গা ও গাজীপুরে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি জেলায় ৮টি করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪ জন প্রতিযোগী অংশ নেয়।
সাতক্ষীরা
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় দল রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়, বিজয়ী দলের তাহারিমা তাসলিম মায়েশা।
সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দিলারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজটির অধ্যক্ষ বাসুদেব বসু। আরও বক্তব্য দেন, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক ব্যানার্জি, নলতা আহসানিয়া রেসিডেনসিয়াল কলেজের অধ্যাপক মোমেনা খানম, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।
পিরোজপুর
পিরোজপুরে যুক্তিতর্কের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রানার্সআপ দলের দলনেতা সাফওয়ান মল্লিক।
সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার ও গ্রীণ ফোর্সের সভাপতি মাঈনুল আহসান মুন্না।
দিনাজপুর
দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী হয় দিনাজপুর জিলা স্কুলের ঈশান কর্মকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা তুষার শুভ্র বসাক, সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক বিজন কুমার, দপ্তর সম্পাদক প্লাবন হোসেন, মিজানুর রহমান পাপ্পু, সমকাল দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি প্রমুখ।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় দল রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয় রানার্সআপ দলের দলনেতা মোস্তাফিজুর রহমান রিফাত।
জেলা সুহৃদ সমাবেশের আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সমকালের জেলা সংবাদদাতা মিরাজুল ইসলাম মিরাজ, গবেষক ও লেখক জাহিদ হোসেন, সুহৃদ সমাবেশের সদস্য হাবিবি জহির রায়হান, রিগ্যান এসকান্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সুহৃদ সমাবেশের সদস্য সচিব কাজল মাহমুদ।
গাজীপুর
গাজীপুরে যুক্তিতর্কের লড়াইয়ে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা সুমাইয়া আক্তার সজনী। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ছানোয়ারা সুলতানা। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. মো. সাবের সাদেক। আরও বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আখতার জাহান শাম্মী ও টঙ্গী সুহৃদ সমাবেশের আবু সালেহ মুসা খান প্রমুখ।
- বিষয় :
- বিএফএফ
