ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জিলা স্কুল

বগুড়ায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন জিলা স্কুল
×

ছবি- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪১

বগুড়ায় ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জিলা স্কুল। রানার্সআপ হয়েছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাজ্জাদুর রহমান।

বুধবার বগুড়া আর্মড পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানের নানা বিষয় ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি ও যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। সমকাল সুহৃদ সমাবেশ বগুড়ার সভাপতি আবু মোত্তালেব মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪ এপিবিএন বগুড়ার পুলিশ সুপার মধুসূদন রায়, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক এবং সমকালের উত্তরাঞ্চলীয় প্রতিনিধি লিমন বাসার।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই। দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে মেধার বিকাশ ঘটাতে হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো—তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, মাটিডালি উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া জিলা স্কুল।

বিচারক প্যানেলে ছিলেন সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, সমকাল বগুড়ার ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান এস এম কাওসার, সমকাল সুহৃদ সমাবেশের সহসভাপতি শেখর রায় ও সাজিয়া আফরিন সোমাসহ অন্যরা। মডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ সমাবেশ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আবু সাঈদ মিয়া।

আরও পড়ুন

×