ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন আইডিয়াল স্কুল

নারায়ণগঞ্জে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন আইডিয়াল স্কুল
×

ছবি- সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:১৩

নারায়ণগঞ্জে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল। রানার্সআপ হয়েছে বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আর সেরা বক্তা নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন।

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে সম্প্রতি এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় আইডিয়াল স্কুলের গ্রন্থাগার কক্ষে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এবারের উৎসবে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

চূড়ান্ত পর্বে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার’ বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরে দুই দল। বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ আব্দুল্লাহ হোসাইন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে ছবি সম্পাদনা কিংবা প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার মতো কাজ এখন অনেক সহজ হয়েছে।

অন্যদিকে বিষয়ের বিপক্ষে যুক্তি তুলে ধরে আইডিয়াল স্কুলের দলনেতা জাবির খান সাদ বলেন, নিজে কাজ করার মধ্য দিয়েই দক্ষতা ও সৃজনশীলতা তৈরি হয়। এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হলে সেই সৃজনশীলতা বাধাগ্রস্ত হতে পারে। এআই সাধারণত গড়পড়তা ফল দেয়; নিজের মতো করে কিছু তৈরি করার সুযোগ সেখানে সীমিত।

বিচারক তানজিলা শামস বলেন, দিনভর প্রতিটি বিতর্কেই বিজয়ী নির্ধারণ করা কঠিন হয়েছে। কারণ প্রতিযোগীরা সবাই খুব ভালো যুক্তি উপস্থাপন করেছে।

এবারের উৎসবে অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো পাগলা উচ্চ বিদ্যালয়, বেইলী স্কুল, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। পাগলা উচ্চ বিদ্যালয় ও বেইলী স্কুল এবারই প্রথম এ উৎসবে অংশ নেয়।

অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় দিনভর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেলে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফ্লাওয়ার মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের অন্যতম পরিচালক মোহাম্মদ সোহাগ এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান বিতর্ক মানুষের মধ্যে যুক্তিবোধ তৈরি করে এবং অন্যের মতের প্রতি সহনশীল হতে শেখায়। বিতর্ক চর্চার মাধ্যমে ভিন্নমতের বিরোধিতা শক্তি দিয়ে নয়, যুক্তি দিয়ে করার শিক্ষা পাওয়া যায়, যা বর্তমান সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হোসেন লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দলগুলোর শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন

×