চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪০
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাফসুন মোহাম্মদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২৭ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, মারা যাওয়া রাফসুন মোহাম্মদ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির তলাতলি এলাকার বাসিন্দা। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ডেঙ্গু এনএস১ অ্যান্টিজেন পরীক্ষায় তার সংক্রমণ শনাক্ত হয়েছিল।
এদিকে, এডিস মশার লার্ভা জন্মানোর উৎস হিসেবে জমাটবদ্ধ পানি পাওয়ায় চারজনকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম নগরের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। বুধবার ওই এলাকায় এডিস মশার লার্ভা জন্মানোর উৎস হিসেবে জমাটবদ্ধ পানি পাওয়ায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। তিনি বলেন, জনস্বার্থে পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।