দুদকের অভিযান
রেলের শতকোটি টাকার পুরোনো মালপত্র বেহাত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ২২:১৪
পূর্বাঞ্চল রেলওয়ের সদরদপ্তর চট্টগ্রামে শতকোটি টাকার পুরোনো মালপত্র ও স্ক্র্যাপ সরিয়ে ফেলেছে সংঘবদ্ধ চক্র। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এ অনিয়ম পেয়েছে।
দলের সদস্যরা রেলের সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিযোগ সম্পর্কিত নানা তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করেছে। রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাইয়ের পর দলটি কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
মাদারীপুরে অভিযান
আজ মাদারীপুর সদর উপজেলায় বার্ষিক উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যক্তিগত প্রয়োজনে কালভার্ট, সেতু নির্মাণের অভিযোগে অভিযান চালানো হয়। কাবিখা ও কাবিটা প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে। অভিযানকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়। কাবিখা ও কাবিটা প্রকল্পের ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় হয়রানি ও অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়।
দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ে অভিযানকালে দেখা যায়, হাসপাতালে সেবা দিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক উপস্থিত না থাকায় রোগীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। রোগীদের খাবার সরবরাহে নানাবিধ অনিয়ম এনফোর্সমেন্ট টিমের সদস্যদের কাছে পরিলক্ষিত হয়। হাসপাতালের দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনিয়মগুলো অবহিত করা হয়। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অভিযানে অন্যান্য অভিযোগ সংক্রান্ত প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে খুলনা ও রাজশাহী নগরে বিশ্ববিদ্যালয় স্থাপনে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দুদকের ঢাকার প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যাদি ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র বিশ্লেষণ করে অনিয়ম, দুর্নীতির তথ্য পাওয়া গেলে পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।
