ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ সংখ্যালঘু ঐক্যমোর্চার

হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, অভিযোগ সংখ্যালঘু ঐক্যমোর্চার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০১:৪৪

গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজীকে পঞ্চগড় থেকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক হিন্দুধর্মীয় সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দেশব্যাপী পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংখ্যালঘু ঐক্যমোর্চা এ অভিযোগ করেছে।

একইসঙ্গে এ অপপ্রচারের কারণে সংখ্যালঘু জনমনে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রদায়িক বৈষম্য সৃষ্টিকারী অশুভ মহল বাংলাদেশকে সংখ্যালঘুশূন্য করার জন্য ভয়ংকর রূপে সাধারণ ধর্মপ্রাণ জনগণের মধ্যে মিথ্যা গুজব ছড়িয়ে ও প্রচারণা চালিয়ে উসকানি দিয়ে চলেছে। সাম্প্রদায়িক এসব জঘন্য অশুভ তৎপরতা সরকার ও প্রশাসনের নাকের ডগায় হলেও তারা রহস্যজনক নীরবতা পালন করে চলেছে এবং বেশির ভাগ সময়ে ঘটনাসমূহকে অস্বীকার করছে।’

এ অবস্থায় অনতিবিলম্বে সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী সহিংসতা বন্ধ, হিন্দুদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার এবং ইসকনের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ঐক্যমোর্চা।

একইসঙ্গে সারাদেশের সর্বস্তরের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক জনগণ, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতাদের সাম্প্রদায়িক শক্তির চলমান মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংখ্যালঘু ঐক্যমোর্চার মধ্যে রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (প্রভাষ-পলাশ), বাংলাদেশ সনাতন পার্টিসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠন।

আরও পড়ুন

×