জীবনধারার সঙ্গে মিলিয়ে বদলাবে স্থাপত্য ভাষা
শনিবার ঢাকায় সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের সেমিনারে মেরিনা তাবাসসুম সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং মানুষের জীবনধারার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্থাপত্যের ভাষা বদলাতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মাথায় রেখে স্থাপনার নকশা করতে হবে। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সিরামিক বাংলাদেশ ম্যাগাজিন’ আয়োজিত সেমিনারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম এসব কথা বলেন।
‘বিটুইন ইরোশন অ্যান্ড ইমার্জেন্সি’ শিরোনামের উপস্থাপনায় মেরিনা তাবাসসুম বলেন, স্থাপত্য কেবল ভবন নির্মাণ নয়; এটি সংস্কৃতি, সমাজ ও মানুষের সঙ্গে গভীরভাবে জড়িত একটি জীবন্ত শিল্প। একজন স্থপতির দায়িত্ব এমন কিছু সৃষ্টি করা যা মানুষের জীবন, পরিবেশ ও সময়ের সঙ্গে কথা বলে।
চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচে উল্লেখ করে আগা খান স্থাপত্য পুরস্কার বিজয়ী এই স্থপতি বলেন, তাদের জীবনযাপন ও বাসস্থানকে টেকসইভাবে গড়ে তুলতে স্থাপত্যের নতুন ধারণা প্রয়োগ জরুরি।
মেরিনা তাবাসসুম জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পুনর্বাসনযোগ্য ঘর তৈরিতে তাঁর দল ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পে কাজ করছে। এসব প্রকল্পে স্থানীয় মানুষকে যুক্ত করে তাদের প্রয়োজন অনুযায়ী নকশা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু স্থাপনা নির্মাণ নয়, বরং মানুষের সঙ্গে পরিবেশের একটি ভারসাম্য সৃষ্টি করা।
স্বাগত বক্তব্যে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের জ্যেষ্ঠ পরামর্শক স্থপতি জালাল বলেন, বাংলাদেশের স্থাপত্য আজ বিশ্বে নিজস্ব অবস্থান তৈরি করেছে। সমাপনী বক্তব্যে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি ও মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, দেশের স্থাপত্য ও সিরামিক শিল্প একে অপরের পরিপূরক। শিল্প, শিক্ষা ও গবেষণার সমন্বয়ে এই খাতকে এগিয়ে নিতে হবে।
স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক জয়নাব ফারুকী আলী, স্থপতি নাহাস আহমেদ খলিল ও অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক। অনুষ্ঠান উপস্থাপনা করেন স্থপতি মৌসুমী আহমেদ।
- বিষয় :
- জলবায়ু পরিবর্তন
