মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সেনাপ্রধানের সংবর্ধনা
ছবি: আইএসপিআর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ১৯:৫৭
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ০৯ জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ১৭ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) ও ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রাপ্ত মোট ৬৪ জন সেনাসদস্যকে পদক পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনাসদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সংবর্ধনা
- সেনাপ্রধান
