ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাবির ছয় ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য ও উপ-উপাচার্য

রাবির ছয় ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য ও উপ-উপাচার্য
×

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৫:১২

পদত্যাগ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থী ছয়জন ডিনের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুই উপ-উপাচার্য। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, উপচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মাদ মাঈন উদ্দীন ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের এবং উপ-উপাচার্য‌ (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান ভূ-বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের রুটিন দায়িত্ব পালন করবেন।

রাকসু প্রতিনিধি, শিবির ও শিক্ষার্থীদের দাবির মুখে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করা আওয়ামীপন্থী ওই ছয়জন ডিন হলেন- আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের ড. নাসিমা আখতার, ব্যবসা শিক্ষা অনুষদের অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের এ. এইচ. এম. সেলিম রেজা।

এর আগে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি এবং শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২টি অনুষদের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে ছয়জন প্রার্থী নির্বাচিত হন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে উপাচার্য ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এসব ডিনদের নির্বাচন না হওয়া পর্যন্ত স্ব-পদে বহাল থাকার নির্দেশ দেন।

এতে আওয়ামীপন্থী ছয়জনের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। আল্টিামেটামে দেওয়া হুশিয়ারি অনুযায়ী রোববার সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তিনি ডিনদের জন্য পদত্যাগপত্র লিখে নিয়ে আসেন। তিনি ডিনদের ফোন করেন এবং গণমাধ্যম কর্মীদের সামনে পদত্যাগপত্র উপস্থাপন করেন। 

পরে একদল শিক্ষার্থী ৩ ডিনের কার্যালয়, উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়সহ সকল প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে তালা দেন। পরে তাদের সঙ্গে আলোচনায় বসেন দুই উপ-উপাচার্য। বিক্ষোভকারীদেরকে ডিনদের অব্যাহতি দেওয়ার আশ্বাস দেওয়া হলে দেড় ঘণ্টা পরে তারা তালা খুলে দেন। পরে সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে ডিনদের এক বৈঠকে তারা উপাচার্যের কাছে দায়িত্ব পালনে অপারগতা জানায়।

আরও পড়ুন

×