মিডিয়া ও তথ্য সাক্ষরতা বিষয়ে দু'দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:২৭
গণতান্ত্রিক অংশগ্রহণ ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব জোরদারের লক্ষ্যে মিডিয়া ও তথ্য সাক্ষরতা (এমআইএল) বিষয়ে দুই দিনব্যাপী ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য অধ্যয়ন বিভাগ রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এই কর্মসূচির আয়োজন করে।
মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ, ইউনেস্কো ও জাতিসংঘের সহায়তায় আয়োজিত এই কর্মসূচি বাংলাদেশে মিডিয়া ও তথ্য সাক্ষরতা জোরদারে গৃহীত ছয় মাসব্যাপী প্রকল্পের অংশ। ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর তথ্য পরিবেশে ভ্রান্ত তথ্য শনাক্ত, তথ্য যাচাই এবং গণমাধ্যমের নৈতিক ব্যবহারে সক্ষম নাগরিক গড়ে তোলা ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন ও মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. দিলারা বেগম, দৈনিক সমকালের সাংবাদিক ও গবেষক গৌতম মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের শান্তি ও উন্নয়ন কর্মকর্তা নাদিম ফারহাদ।
কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর অফিস প্রধান ও প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।
কর্মসূচিতে ইউনেস্কোর মিডিয়া ও তথ্য সাক্ষরতা পাঠ্যক্রম অনুসরণ করে তৈরি করা প্রশিক্ষণ মডিউল বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী করে উপস্থাপন করা হয়। এতে তথ্য যাচাই, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা, দায়িত্বশীল সামাজিক মাধ্যম ব্যবহার, ভ্রান্ত তথ্য ও ঘৃণামূলক বক্তব্য, মেধাস্বত্ব অধিকার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং নৈতিক ডিজিটাল নাগরিকত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।
প্রশিক্ষণ কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটি; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি; ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়; ন্যাশনাল ইউনিভার্সিটি; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নর্থ সাউথ ইউনিভার্সিটি; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; ঢাকা বিশ্ববিদ্যালয়; রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
- বিষয় :
- কর্মসূচি
- মিডিয়া
- মিডিয়া ও তথ্য সাক্ষরতা
