ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাবিতে ‘শব্দের রাজনীতি’ নিয়ে বিশেষ উন্মুক্ত বিতর্ক

ঢাবিতে ‘শব্দের রাজনীতি’ নিয়ে বিশেষ উন্মুক্ত বিতর্ক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ উন্মুক্ত বিতর্ক ‘শব্দের রাজনীতি: আরোপিত নাকি সহজাত?’।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এ আয়োজন শুরু হয়। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও আগ্রহী শ্রোতাদের উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মডারেটর ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। আলোচক হিসেবে অংশ নেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহনান মৈশান, কবি ও সমালোচক ইমরুল হাসান এবং প্রাবন্ধিক ও গবেষক তাহমিদাল জামি।

প্রারম্ভিক বিতর্কে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মায়িশা মালিহা, নুসরাত জাহান শামামা, ইমরান হোসেন ফাহিম এবং সংগঠনের সাধারণ সম্পাদক রাগীব আনজুম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুবায়ের হোসেন।

আলোচনায় বক্তারা ভাষা ও শব্দের ভেতরে নিহিত ক্ষমতার সম্পর্ক, রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক নির্মাণ এবং সামাজিক বাস্তবতার সঙ্গে শব্দের আন্তঃসম্পর্ক নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করেন। তাদের মতে, শব্দ কেবল নিরপেক্ষ যোগাযোগের মাধ্যম নয়; বরং তা সমাজ-রাজনীতি, ইতিহাস ও ক্ষমতার কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত।

ড. তারিক মনজুর বলেন, ভাষা একটা বহমান নদীর মতো। ভাষা গড়ে ওঠার মাঝে অপরায়ণ ও সহজাতকরণ—উভয় প্রবণতাই থাকে। এই দুইয়ের মাধ্যমেই ভাষা এগিয়ে চলে। দ্বিমত হবেই, কিন্তু ভাষা নিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না।

তাহমিদাল জামি বলেন, নদীকে যেভাবে বাঁধ দিয়ে আটকানোর চেষ্টা করা হয়, ভাষাকেও সেভাবে ক্ষমতার কাঠামো নিয়ন্ত্রণের চেষ্টা করে, অনেক ক্ষেত্রে মেরেও ফেলে।

ইমরুল হাসান বলেন, প্রমিত বাংলার নামে আমাদের সামনে বাংলার একটি কঠিন রূপ জারি রাখা হয়েছে, যে ভাষা লেখার ও বলার জন্য বেশ কঠিন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। মুক্ত আলোচনা ও যুক্তিতর্কের মধ্য দিয়ে বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষিত হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ ধরনের চিন্তনমূলক ও অংশগ্রহণভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×