ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার তিনজনের জামিন মেলেনি

৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার তিনজনের জামিন মেলেনি
×

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ২১:২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক শেখ তাসনিম আফরোজ ইমি ও দুই সহযোগীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম আজ সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।

অপর দুই আসামি হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত এবং সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এদিন আদালতে ইমির পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন, সৈকতের পক্ষে তরিকুল ইসলাম এবং আবদুল্লাহ আল মামুনের পক্ষে গোলাম রাব্বানী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আইনজীবী গোলাম রাব্বানী।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় রাজধানীর চাঁনখারপুল মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’জনকে আটক করা হয়। এর প্রতিবাদে ইমিসহ কয়েকজন রিকশায় মাইক নিয়ে পুনরায় ভাষণ বাজানোর কর্মসূচি নেন। তবে রাত ১০টার দিকে তাদের মাইক ও ব্যাটারি ভেঙে দেওয়া হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এসে ইমি ও মামুনকে টেনে-হিঁচড়ে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে শাহবাগ থানা পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। 

আরও পড়ুন

×