এক দশক ধরে বহুমুখী কার্যক্রমে মাস্তুল ফাউন্ডেশন
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ২১:৩৭
দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছে দেশের দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। ২০১২ সালে একদল তরুণকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান মানবিক এই উদ্যোগ শুরু করেন। ছোট একটি উদ্যোগ থেকে শুরু হয়ে এটি এখন শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বহু মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। মাস্তুল ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় জীবনে নিজের টিউশনের টাকা বাঁচিয়ে পথশিশুদের পড়ানোর মধ্য দিয়েই মানবসেবার যাত্রা শুরু করেন কাজী রিয়াজ রহমান। বর্তমানে তিনি মালয়েশিয়ায় দাতব্য সংস্থার টেকসই উন্নয়ন বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অধীনে নিবন্ধিত একটি জাতীয় দাতব্য প্রতিষ্ঠান। এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়, জয়েন্ট স্টক কোম্পানি এবং এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও সনদ এবং বেওয়ারিশ লাশ দাফনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও রয়েছে।
দেশের সীমানা ছাড়িয়ে গাজা ও সুদানের মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে সহায়তাও দিয়েছে মাস্তুলের স্বেচ্ছাসেবীরা।
প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে মাস্তুল স্কুল, মাদ্রাসা ও এতিমখানা, যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, আবাসন, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া যাকাতভিত্তিক মাস্তুল স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারকে রিকশা, সেলাই মেশিন বা ক্ষুদ্র ব্যবসার পুঁজি দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য ‘মাস্তুল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর মাধ্যমে সুদমুক্ত ঋণ বা কর্জে হাসানা প্রদান করা হচ্ছে।
মাস্তুল বৃদ্ধাশ্রম ও শেল্টারহোমে আশ্রয়হীন প্রবীণদের আবাসন ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ‘মাস্তুল মেহমানখানা’ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে ওয়াশ কার্যক্রম, তরুণদের দক্ষতা উন্নয়নে ইউথ ডেভেলপমেন্ট কর্মসূচি, অ্যাম্বুলেন্স সেবা, বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং বেওয়ারিশ লাশ দাফনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। অসহায় মানুষের জন্য স্থায়ী আশ্রয় নিশ্চিত করতে মাস্তুল ফাউন্ডেশন ১০ তলা বিশিষ্ট ‘ইসলামিক শেল্টার হোম কমপ্লেক্স’ নির্মাণ করছে।
এ বিষয়ে মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন, এটি শুধু একটি সংগঠন নয়, এটি অবহেলিত মানুষের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।
- বিষয় :
- সহায়তা
