ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভুয়া রেশনকার্ডে ৪ কোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলা  

ভুয়া রেশনকার্ডে ৪ কোটি টাকার মালামাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলা  
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ২১:৪৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ২১:৪৬

ভুয়া রেশন কার্ড ব্যবহার করে পুলিশের রেশন স্টোর থেকে সরকারের প্রায় চার কোটি টাকার মালামাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ঝালকাঠি জেলা পুলিশ লাইন্সের ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে কমিশনের পিরোজপুর কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, আসামিরা সরকারি কাজে নিয়োজিত থেকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জাল-জালিয়াতির মাধ্যমে ২৫২টি ভুয়া/জাল রেশন কার্ড তৈরি করে ঝালকাঠি পুলিশ লাইন্সের পুলিশ রেশন স্টোর থেকে ৩ কোটি ৯৪ লাখ টাকার মালামাল উত্তোলন করে আত্মসাৎ করা হয়। 

দুদকের অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময়ে ওই ২৫২টি জাল রেশন কার্ড তৈরি করা হয়েছে। 

আসামিরা হলেন- ঝালকাঠি পুলিশ লাইন্সের এ.এস.আই (সশস্ত্র) মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আরিফ মাহামুদ, মো. আল মামুন, মো. রেজাউল করিম, কাজী রাজীউজ জামান, কনস্টেবল মো. আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, রেশন স্টোরের ওজনদার মো. জহির উদ্দিন ও রেশন স্টোরের বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।  

আসামিরা দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৭১/৩৪ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে জানায় দুদক।
 

আরও পড়ুন

×