ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোলটেবিল আলোচনায় বক্তারা

অটিজম স্বাস্থ্যগত বিষয় নয়, এটি গুরুত্বপূর্ণ সামাজিক-মানবিক ইস্যু

অটিজম স্বাস্থ্যগত বিষয় নয়, এটি গুরুত্বপূর্ণ সামাজিক-মানবিক ইস্যু
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২২:০৪

অটিজম কেবল স্বাস্থ্যগত বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যু। সামাজিক কুসংস্কার ও সচেতনতার অভাবে অটিজম আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবার এখনো নানা বৈষম্যের মুখোমুখি হচ্ছে।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অটিজম ও মানবতা: সমান মর্যাদায় বাংলাদেশ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান বক্তারা।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কার্যকর নীতিনির্ধারণী পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইনোভেশনস ইন টেকনোলজি অ্যান্ড হেলথ (ফেইথ) বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

২০১৪ সাল থেকে সংগঠনটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। তাদের পরিচালিত ‘ব্রাইটার লাইফ স্কুল’ মানসম্মত শিক্ষা ও সেবার মাধ্যমে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেইথ বাংলাদেশের চেয়ারম্যান ডা. আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনিম আহমেদ।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বক্তারা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে।

আলোচকরা বলেন, অটিজম কেবল একটি স্বাস্থ্যগত বিষয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক ইস্যু। তারা উল্লেখ করেন, অটিজমসম্পন্ন শিশুদের অভিভাবকরা তুলনামূলকভাবে বেশি মানসিক চাপের সম্মুখীন হন এবং বাংলাদেশেও একই বাস্তবতা বিদ্যমান।

বক্তারা আরও বলেন, সামাজিক কুসংস্কার, বৈষম্য এবং সচেতনতার অভাবে অটিজম পরিবারগুলো এখনও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে সমন্বিত উদ্যোগ, কার্যকর নীতিনির্ধারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তারা।

আলোচনার শেষ পর্যায়ে বক্তারা অটিজমসম্পন্ন প্রতিটি ব্যক্তি সমান অধিকার ও মর্যাদা নিয়ে যেন বাঁচতে পারে সেজন্য একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন

×