গোলটেবিল সংলাপে বক্তারা
জুলাই সনদ বাস্তবায়নেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:২০ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ১১:০৮
| প্রিন্ট সংস্করণ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। এই সনদ কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির স্বার্থে নয়, বরং দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।
গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত গোলটেবিল সংলাপে বক্তারা এসব কথা বলেন।
‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ: আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর দেশের সাংবিধানিক শূন্যতা পূরণে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী জনগণের ইচ্ছা ওই সরকারের বৈধতার স্বীকৃত উৎস। ফেব্রুয়ারিতে গণভোটে দেশের ৬৯ শতাংশ মানুষ এই সনদের পক্ষে রায় দিয়ে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
তিনি বলেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করার কোনো সুযোগ নেই। সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপি কেন দূরে সরে যাচ্ছে তা বোধগম্য নয়। ১৬টির মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করছে তারা। সব কিছু বাতিল হয়ে যাবে আর জনগণ বসে বসে দেখবে তা আর হবে না।
অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বাংলাদেশ সংকট কাটিয়ে উঠতে পারেনি। একাত্তর থেকে এ পর্যন্ত আমরা বার বার সংকট দেখছি। জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান বলেন, একদিনে নির্বাচন ও একদিনে গণভোট হয় কিন্তু রাজনৈতিক সংকট আদালতে এবং সংসদে সমাধান হয় না।
আলোচনায় আরও অংশ নেন জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, অধ্যাপক আক্তার আলী, সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ আফসারী, আইনজীবী আবু হেনা রাজ্জাকী, রাশেদ প্রধান প্রমুখ।
- বিষয় :
- জুলাই সনদ
