ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

অবৈধ ১১ হাজার বিদেশিকে সরকারি খরচে ফেরত পাঠানোর সিদ্ধান্ত

অবৈধ ১১ হাজার বিদেশিকে সরকারি খরচে ফেরত পাঠানোর সিদ্ধান্ত
×

সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৭:২৫

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত প্রায় ১১ হাজার বিদেশিকে সরকারি খরচে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক বিদেশি বাংলাদেশে থেকে যান। তারা যেন এভাবে আর থাকতে না পারেন সেজন্য ভিসার মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন বিদেশিদের চিহ্নিত করার বিষয়ে আগের যৌথসভার সিদ্ধান্ত হয়। ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের চিহ্নিত করেছে।

তিনি বলেন, চিহ্নিত করা এমন অবৈধ বিদেশির সংখ্যা প্রায় ১১ হাজার। এদের বেশিরভাগই নাইজেরিয়া ও তানজানিয়ার মত আফ্রিকান দেশের নাগরিক। নিজ দেশে যাওয়ার কথা বলা হলেও তারা টাকার অভাবে যেতে পারছেন না। আবার বাংলাদেশে এদের অনেকের নিজ দেশের দূতাবাস নেই, যে কারণে তাদের হস্তান্তর করতে পারছে না সরকার। অবৈধ অভিবাসীরা কারাগারে থেকেও নানান অপরাধে জড়াতে পারে।

মোজাম্মেল হক বলেন, সার্বিক বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত হয়েছে, তাদের ফেরত পাঠানোর জন্য অর্থ বরাদ্দ চেয়ে সরকারের কাছে অনুরোধ করা হবে। টাকা বরাদ্দ সাপেক্ষে অবৈধভাবে বসবাসকারী লোকগুলোকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রবণতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গেছে। সেসব পাসপোর্ট বাতিল করা হয়েছে, নতুন কেউ যেন পাসপোর্ট না পায় সে ব্যবস্থাও করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের কাজ চলমান থাকায় রাজধানীতে চলাচলের দুর্ভোগ লাঘবেও উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে মেট্রোরেল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কাজ শুরু করার আগে যেন ঘেরাও করে না রাখা হয়, কাজ শুরুর সময় যেন রাস্তা বন্ধ করা হয়।

সভায় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

আরও পড়ুন

×